শ্রীমঙ্গলে জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনের কর্মশালা শুরু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে শহরের একটি হোটেলের হলরুমে এর উদ্বোধন করা হয়।
খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)-এর আয়োজনে এবং বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বায়োডাইভার্সিটি (বিপনেট) সিলেট চ্যাপ্টারের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে বিপনেটের সহ-সম্পাদক জিডিশন প্রধান সুছিয়াং শুভেচ্ছা বক্তব্য দেন। পরে অনুষ্ঠিত মুক্ত আলোচনা পর্বে বক্তারা বৈশ্বিক জলবায়ু পরিস্থিতির ক্রমবর্ধমান ঝুঁকি এবং স্থানীয় পর্যায়ে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের নির্বাহী পরিচালক পরিমল সিং বাড়াইক জলবায়ু পরিবর্তনের প্রভাবে চা বাগানের জীবনযাত্রায় পরিবর্তন ও ঝুঁকির বিষয়টি তুলে ধরেন।
এ ছাড়া বননীতি ও বন্যপ্রাণী সংরক্ষণের কারিগরি দিক নিয়ে আলোচনা করেন বিপনেট সেক্রেটারিয়েটের সুদীপ্ত চাকমা এবং প্রকল্প সমন্বয়কারী মিঠুন কুমার উরাও।
কর্মশালায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন আদিবাসী সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
বিপনেটের পক্ষ থেকে জানানো হয়, কর্মশালার মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় স্থানীয় আদিবাসী ও সাধারণ মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে টেকসই পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনজ সম্পদ রক্ষার কোনো বিকল্প নেই।
দুই দিনব্যাপী এই কর্মশালাটি আগামীকাল দুপুরে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে








