মৌলভীবাজারে ৫৫৪ কেন্দ্রের মধ্যে ২৬৩টি ঝুঁকিপূর্ণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় মোট ৫৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮০টি অতি ঝুঁকিপূর্ণ এবং ১৮৩টি সাধারণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আরিফুর রহমান।
বুধবার সকালে শ্রীমঙ্গল সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মো. আরিফুর রহমান বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সিপিসি শ্রীমঙ্গল র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার এবং সম্ভাব্য নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব অভিযানের ফলে মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য জেলার তুলনায় সন্তোষজনক রয়েছে বলে তিনি দাবি করেন।’
তিনি আরও জানান, ‘অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। এছাড়া জেলার সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বর্তমানে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।’
র্যাবের এ কর্মকর্তা বলেন, ‘মৌলভীবাজার জেলায় মোট চারটি সংসদীয় আসন রয়েছে। প্রতিটি আসনে দুটি করে টহল দল দায়িত্ব পালন করছে। সে হিসেবে সর্বমোট আটটি টহল দল সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। পাশাপাশি প্রতিটি আসনে সাদা পোশাকে গোয়েন্দা টিম মাঠে কাজ করছে।’
তিনি জানান, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে যৌথভাবে দায়িত্ব পালন করা হচ্ছে।
সাধারণ ভোটারদের উদ্দেশে মো. আরিফুর রহমান বলেন, ‘মৌলভীবাজারে নির্বাচনী পরিবেশ সম্পূর্ণ অনুকূলে রয়েছে। আমরা সবাইকে আহ্বান জানাই, আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন এবং ভোটাধিকার প্রয়োগ করুন। আমরা সম্মিলিতভাবে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।’







