সাদাপাথর লুট: বিএনপি নেতা শাহাবুদ্দিন রিমান্ডে
সিলেটে পাথর লুটকাণ্ডে গ্রেফতার কোম্পানীগঞ্জ উপজেলার পদস্থগিতকৃত বিএনপি নেতা শাহাবুদ্দিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোবাবার তাকে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পালের আদালতে তাকে হাজির করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
সাদাপাথর লুটের ঘটনায় শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতা নিয়ে হইচই শুরু হলে পালিয়ে বেড়ান শাহাবুদ্দিন। গত ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারের পর র্যাব জানায়, শাহাবুদ্দিনের বিরুদ্ধে আলোচিত সাদাপাথর লুট ছাড়াও চাঁদাবাজি ও দখলবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে।







