সাংবাদিক সেজেও শেষ রক্ষা হলো না নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার মামলায় এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন রাজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
রাজন মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের মাসকান্দি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম রোস্তম উল্লাহর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার এড়াতে রাজন দীর্ঘদিন ধরে নিজেকে ‘ভোরের আকাশ’ নামের একটি স্থানীয় দৈনিক পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। পাশাপাশি তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে নিজেকে পরিচিত করাতেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু ছাত্র পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থার সহ-ক্রীড়া সম্পাদক পদে ছিলেন বলে জানা যায়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ছাত্রলীগ নেতা রাজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার মামলার এজাহারভুক্ত আসামি। সাংবাদিক পরিচয় দিয়েও শেষ পর্যন্ত ধরা এড়াতে পারেননি। তাকে রোববার আদালতে পাঠানো হয়েছে।







