‘বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক প্রশিক্ষণে অংশ নিচ্ছে বিদেশিরা’
বাংলাদেশ বিমান বাহিনীর ৮৬তম বিএএফএ কোর্স, ডাইরেক্ট এন্ট্রি ২০২৫, এসপিএসএসসি-২০২৫ ও বিএলপিসি-২০২৫ ব্যাচের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকালে যশোরে অবস্থিত বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন কর্মকর্তাদের সালাম গ্রহণ করেন।
বক্তব্যে অ্যাডমিরাল নাজমুল হাসান বলেন, ‘বৈশ্বিক নিরাপত্তা ও প্রযুক্তির বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের আওতায় আনা হয়েছে। প্রশিক্ষণ ব্যবস্থায় যুক্ত হয়েছে উন্নতমানের বিমান ও সিমুলেটর। এখন শুধু দেশীয় নয়, বহু বিদেশি সামরিক সদস্যও এখানে প্রশিক্ষণ নিচ্ছেন।’
তিনি জানান, এ পর্যন্ত ৩০ জন বিদেশি ফ্লাইট ক্যাডেট সফলভাবে এই একাডেমি থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ বিমান বাহিনীর সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছে। এছাড়া বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর বৈমানিকরাও এই একাডেমি থেকে উড্ডয়ন প্রশিক্ষণ নিচ্ছেন।
অনুষ্ঠানে ৪৫ জন অফিসার ক্যাডেট, যার মধ্যে একজন নারী ক্যাডেটও রয়েছেন, কমিশন লাভ করেন। অফিসার ক্যাডেট মো. মুতাসিম বিল্লাহ তানিম সার্বিক কৃতিত্বে ‘সোর্ড অব অনার’ ও ‘কমান্ড্যান্টস ট্রফি’ অর্জন করেন। তাকি তাহমিদ নিলয় ‘বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ এবং মাহদী হাসান তালহা ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ অর্জন করেন।
বিজ্ঞাপন
সমাপনী আয়োজন হিসেবে ছিল মনোজ্ঞ ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারা জাম্পিং প্রদর্শনী। অনুষ্ঠানে কূটনৈতিক প্রতিনিধি, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







