বাহুবলে মন্দির ভাঙচুরের অপপ্রচার: অতঃপর…
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার জয়পুর গ্রামের শ্রীচৈতন্য মহাপ্রভুর মামাবাড়ি হিসেবে খ্যাত শ্রীশ্রী শচী অঙ্গন ধাম মন্দিরে ভাঙচুর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার (১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ার ছবি ও ভিডিওতে দাবি করা হয় মূলত কমিটির বিরোধ নিয়ে মন্দির ভাঙচুর করা হচ্ছে। কিন্তু পরে আবার ওই পেইজ ঘেকেই উল্লেখ করা হয় ভাঙচুর নয় সংস্কারের জন্য ভাঙ্গা হয়েছে এই মন্দির।
শচী অঙ্গন ধাম মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী পরিতোষ বনিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের শ্রী শ্রী শচী অঙ্গন ধাম মন্দিরটি অনেক পুরাতন হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে৷ ফলে মন্দির পরিচালনা কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা পুরাতন মন্দির ভেঙে নতুন করে পুণনির্মাণ করার উদ্যোগ নিয়েছি৷ ইতোমধ্যে মন্দিরের পাশে অস্হায়ীভাবে আরেকটি মন্দির নির্মাণ করা হয়েছে ৷ মূল মন্দির পুণনির্মাণ হওয়ার আগ পর্যন্ত এখানেই শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা ও পূজা চলবে৷ একরি কুৎসিত ও কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য মন্দির ভাঙার অপপ্রচার চালিয়েছে৷ আমরা বিভিন্ন সরকারি দপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি তিনি এই অসাধু চক্রটিকে ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে দাবি জানান৷
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়লে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে অপপ্রচারের সত্যতা পায়নি।
জানা যায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে অবস্থিত। ১৯৮৩ সালে পরম বৈষ্ণব ও দার্শনিক ড. মহানামব্রত ব্রহ্মচারী মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরটি ইতোমধ্যে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রের পরিচিতি পেয়েছে। এরফলে প্রতিদিনই দেশ-বিদেশের ভক্তরা মন্দিরটি পরিদর্শনে এসে শ্রীশ্রী শচী মাতা এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে যাচ্ছেন। নিয়ে যাচ্ছেন প্রসাদও। প্রতি বাংলা বছরের মাঘী পূর্ণিমা তিথিতে শ্রীশ্রী শচীঅঙ্গন মন্দিরের বার্ষিক উৎসব উদযাপন করা হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, শ্রী শ্রী শচী অঙ্গন ধাম মন্দিরটি অনেক পুরাতন হওয়ায় মন্দির পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক পুরাতন মন্দির ভেঙে নতুন করে পুননির্মাণ করার জন্য ভেঙেছে বলে আমরা জানতে পেরেছি।







