গিয়াসনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাজ্জাদ আহমেদ সুইটের প্রার্থিতা ঘোষণা
আসন্ন ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বার) ও সাবেক ছাত্র-রাজনৈতিক ব্যক্তিত্ব সাজ্জাদ আহমেদ সুইট।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ৮নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। ওয়ার্ড পর্যায়ে একটানা দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ইউনিয়ন পরিষদের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন এই নেতা।
জনপ্রতিনিধিত্বের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি গিয়াসনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ইউনিয়ন কমিটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।
চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে সাজ্জাদ আহমেদ সুইট জানান, “সৃষ্টির সেবা করাই একজন জনপ্রতিনিধির মূল ব্রত হওয়া উচিত। দীর্ঘ সময় ধরে ওয়ার্ডের মানুষের সাথে থেকে তাদের সুখ-দুঃখে কাজ করার চেষ্টা করেছি। সেই অভিজ্ঞতা থেকেই এবার বৃহত্তর পরিসরে পুরো গিয়াসনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবায় অংশ নিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে গিয়াসনগর ইউনিয়নে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগ জোরদার করছেন। দীর্ঘদিনের স্থানীয় সরকার পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন সাজ্জাদ আহমেদ সুইটের এ প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হলো।







