কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী রুমনের উদ্যোগে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপণ
পরিবেশ সুরক্ষা ও শিক্ষার্থীদের ফলজ গাছের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চার শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুক্তরাজ্য প্রবাসী মাহমুদুল হাসান রুমনের ব্যক্তিগত উদ্যোগে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকালে পৌরসভার ঐতিহ্যবাহী সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা এবং কুমড়া কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পৃথক কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। বিতরণ শেষে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির আঙ্গিনায় ফলজ গাছের চারা রোপণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কুমড়া কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা মাহমুদ, সহকারী শিক্ষক মনজুর আহমদ আজাদ মান্না, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ, তরুণ সমাজসেবক খালেদ সাইফুল্লাহ ও সমাজসেবক মাইদুল হাসান রিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষরোপণের সুফল ও প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পুষ্টির চাহিদা মেটাতে ফলজ বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীর উচিত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যা করা।
আলোচনা সভা শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। প্রবাসে থেকেও নিজ এলাকার পরিবেশ রক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে মাহমুদুল হাসান রুমনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ।







