কমলগঞ্জে ১৬ চা-শ্রমিক পরিবারের মাঝে মডেল ঘরের চাবি হস্তান্তর
মৌলভীবাজারের কমলগঞ্জে চা-শ্রমিকদের টেকসই আবাসন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নির্মিত ১৬টি মডেল ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারের হাতে এ চাবি তুলে দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ‘চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে মডেল আবাসন নির্মাণ’ প্রকল্পের আওতায় এসব আধুনিক ও টেকসই ঘর নির্মাণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউছুব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “চা-শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ দীর্ঘদিন তারা মৌলিক আবাসন সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বর্তমান সরকার চা-শ্রমিক জনগোষ্ঠীর সার্বিক জীবনমান উন্নয়ন, টেকসই বাসস্থানের নিশ্চয়তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে সকল গৃহহীন ও পিছিয়ে পড়া চা-শ্রমিকদের উন্নত আবাসনের আওতায় আনা হবে।
নতুন ও আধুনিক মানসম্মত পাকা ঘরের চাবি হাতে পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপকারভোগী চা-শ্রমিকরা আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। তারা জানান, জরাজীর্ণ বাসস্থানের দুর্ভোগ পেরিয়ে একটি নিরাপদ ও পাকা ছাদের নিচে স্থায়ী আশ্রয়ের স্বপ্ন আজ সত্যি হলো।







