স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ এবং রেলওয়ে মাঠসহ যেসব খেলার মাঠ দখল হয়ে আছে, সেগুলো দখলমুক্ত করে খেলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি, যেসব মাঠ দখল করে ব্যবহার করা হচ্ছে, সেগুলো দ্রুত অবমুক্ত করে খেলার উপযোগী করে দেওয়া হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব মাঠ সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।”
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন, নতুন কোনো অবকাঠামো নির্মাণের আগে দেশের প্রতিটি জেলা স্টেডিয়ামকে আধুনিকায়ন ও পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করতে হবে। যাতে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থাগুলো এসব মাঠে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস ও দাবাসহ বিভিন্ন লিগ আয়োজন করতে পারে।”

তিনি বলেন, “আর্চারি, শুটিং ও হকির মতো যেসব খেলায় বাংলাদেশের ভবিষ্যতে ভালো করার সুযোগ রয়েছে, সেসব খেলাকেও জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। প্রতিটি জেলা স্টেডিয়াম ও জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে এসব খেলাধুলার আয়োজন করা হবে। এ লক্ষ্যে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নের জন্য ইতিমধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এর কাজ চলমান রয়েছে।”
প্রতিমন্ত্রী বলেন, “জেলা স্টেডিয়ামগুলোতে যেখানে সংস্কার প্রয়োজন, সেখানে সংস্কার করা হবে। ড্রেসিং রুম, প্রেস বক্স এবং গ্যালারি প্রয়োজন অনুযায়ী নির্মাণ বা সংস্কার করা হবে। অর্থাৎ আমরা একটি স্বয়ংসম্পূর্ণ জেলা স্টেডিয়াম তৈরি করতে চাই। বর্তমানে যেসব অবকাঠামো রয়েছে, সেগুলোকে আগে পূর্ণাঙ্গ ও ব্যবহারোপযোগী করা হবে। পরবর্তীতে প্রয়োজন হলে নতুন অবকাঠামো নির্মাণের বিষয়ে চিন্তা করা হবে। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য খেলোয়াড় এবং বিদ্যমান ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি হিসেবে ক্রীড়া ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি নতুন করে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যাতে হারিয়ে যেতে না হয়, সে জন্য বাছাই করে বিকেএসপিতে ভর্তি করানো হবে। তাদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনার দায়িত্বও গ্রহণ করা হবে।”
প্রতিমন্ত্রী বলেন, “আজ শ্রীমঙ্গল উপজেলায় একটি ক্রিকেট একাডেমির উদ্বোধন করা হয়েছে। এর পাশাপাশি আরও অনেক কাজ রয়েছে, সেগুলোও আমরা করব। খেলার মাঠের গুরুত্ব বোঝানোর জন্যই আমরা বারবার বলছি, যেখানে খালি জায়গা রয়েছে, সেখানেই সম্ভব হলে খেলার মাঠ তৈরি বা মাঠকে খেলার উপযোগী করে তুলতে হবে। এর মাধ্যমে প্রতিটি এলাকার যুবসমাজ ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব হবে।”
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি নবনির্মিত ড্রেসিংরুমের উদ্বোধন করেন এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের সংস্কারকাজ পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. সরফরাজ আহমেদ সরফু, ক্রিকেট একাডেমি শ্রীমঙ্গলের প্রশিক্ষক ও কোচ হাবিবুর রহমান। এ ছাড়া স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।







