মৌলভীবাজারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সমাজকর্মী সাদিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

স্বাগত বক্তব্যে উপপরিচালক বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।” মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও গণমাধ্যমসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে কার্যকর প্রতিরোধ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
আলোচনা সভায় বক্তারা মাদককে সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সাথে তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার জোর আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আল-আমিন, সিভিল সার্জনের পক্ষে ডা. জাকির হোসেন, সাংবাদিক মো. মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক মশাহিদ আহমদ এবং শিক্ষার্থী অর্চি দেব।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আমিরুজ্জামান, পরিদর্শক অমর কুমার সেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।







