মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান
মৌলভীবাজার সফরকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্ষীয়ান নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানীকে দেখতে তার বাসভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সদরে আয়োজিত সরকারি অনুষ্ঠান শেষে তিনি এই প্রবীণ নেত্রীর খোঁজখবর নিতে তার বাড়িতে যান।
দলীয় সূত্রে জানা গেছে, আজ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সরাসরি খালেদা রব্বানীর বাসায় পৌঁছান। সেখানে তিনি অসুস্থ নেত্রীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
দলের দুঃসময়ের কাণ্ডারি এবং প্রবীণ এই নেত্রীর অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী তার প্রতি গভীর সমবেদনা জানান এবং তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানের আশ্বাস দেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার জেলার দুটি পৃথক স্থানে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। তিনি প্রথমে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং পরবর্তীতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সুধী সমাবেশে বক্তব্য দেন ও সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো সিলেট বিভাগজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।







