শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মৌলভীবাজারে বিএনপি নেতাদের সাথে মতবিনিময়ে যা বললেন প্রধানমন্ত্রী পর্তুগালের গোল দরকার, রোনালদোকে নয়: অঁরি শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ পাইলট হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পথে কমলগঞ্জের মাহির মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণের পর সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা; ঝড়ো বতাসে প্যান্ডেল ভাঙলেও চা শ্রমিকদের আবেগের জোয়ার মক্তবে যাওয়ার পথে ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয়

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

হালচাল ডেস্ক / ৫১ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬



প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না; বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে।’ দেশের টাকা দেশে রেখে তা দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ও এর তৃতীয় পর্যায় কর্মসূচির উদ্বোধন করেন।

সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে সমালোচকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন,
অনেকেই নানা কথা ও বিভ্রান্তি ছড়াতে চায়। এরা বলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে? আপনাদের সবাইকে সাক্ষী রেখে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বিগত এক যুগ ধরে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। আমরা জনগণের টাকা আর পাচার হতে দেব না।

তিনি দৃঢ়তার সাথে বলেন, জনগণের টাকা দিয়ে জনগণের জন্যই কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে। কাজেই ইনশাআল্লাহ অর্থায়নের কোনো অভাব হবে না।

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণার পাশাপাশি দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এ দেশ থেকে জনগণের অর্থ বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। আমরা যদি সবাই চোখ-কান খোলা রাখি, তাহলে এ দেশের অর্থ কেউ বিদেশে পাচার করতে পারবে না। তিনি সবাইকে মিলেমিশে পরিশ্রম করার এবং সেই অর্থ দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী সমবেত জনতার উদ্দেশ্যে জানতে চান—দেশের মানুষের ভাগ্য বদলে সরকারের উদ্যোগের সঙ্গে তারা আছেন কিনা? তখন উপস্থিত হাজার হাজার চা শ্রমিকসহ শ্রীমঙ্গলের সর্বস্তরের নারী-পুরুষ সমস্বরে ‘হ্যাঁ’ সূচক স্লোগানে মাঠ মুখরিত করে তোলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন। এরপর কম্পিউটারের বোতাম চেপে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তৃতীয় পর্যায় কর্মসূচির উদ্বোধন করেন।

একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে প্রতি শ্রমিককে ২ লাখ টাকা করে অনুদান, চা শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধীদের কল্যাণে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

বিএনপিকে গণমানুষের দল উল্লেখ করে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি সবসময় জনগণের কাতারে ছিল, সেজন্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি। সেই জন্যই বিএনপি সবসময় বলে থাকে জনগণই আমাদের সব ক্ষমতার উৎস। যতবার ভোট দেওয়ার সুযোগ এসেছে, দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এনেছে।

পবিত্র কুরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত এবং পরে বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে শ্রীমঙ্গলসহ গোটা মৌলভীবাজার জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং হাজার হাজার মানুষের ঢল নামে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর