কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে ৫নং কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় ৪২০ জন কৃষকের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের আয়োজনে বিতরণকৃত প্রতিটি প্যাকেজে ছিল ১৫ কেজি চাল এবং নগদ ৩,০০০ টাকা।
৫নং কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং কমলগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রাজু দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো: সিরাজ মিয়া, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমেদ্দুজ্জান আলম, কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল মতিন, কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সচিব মো: আব্দুল মতিন, ইউনিয়ন বিএনপি নেতা নাছিম মিয়া, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো: শহীদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের কষ্ট লাঘব করা এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার কৃষকদের উন্নয়নে সর্বদা সচেষ্ট এবং এই সহায়তা প্রদান তারই একটি ধারাবাহিক প্রক্রিয়া।” ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক বিপর্যয় ও প্রয়োজনে কৃষকদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের মনোবল অটুট রাখার আহ্বান জানান।
ত্রাণ ও নগদ অর্থ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত কৃষকেরা। তারা জানান, চলমান সংকটের মুহূর্তে এই সহায়তা তাদের পরিবার পরিচালনায় এবং কৃষি কাজে ঘুরে দাঁড়াতে দারুণভাবে সাহায্য করবে।







