কমলগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি জনতার হাতে আটক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে স্থানীয় সচেতন যুবসমাজের উদ্যোগে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত রাতে ইউনিয়নের নইনারপার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে কমলগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুর গ্রামের আইন উল্লার ছেলে রুয়েল মিয়াকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে, কমলগঞ্জ পৌরসভার আলেপুর গ্রামের মৃত ইসাক মিয়ার ছেলে মানিক আহমদ আইনগত প্রক্রিয়া শেষে পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ।
জানা যায়, দীর্ঘদিন ধরে আদমপুর এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কাজ করছে স্থানীয় সচেতন যুবসমাজ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে নইনারপার বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আসামিদের হেফাজতে নেয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল কোর্ট পরিচালনার পর আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মাদকমুক্ত সমাজ গঠনে কমলগঞ্জের যুবসমাজের এমন সাহসী ও দায়িত্বশীল ভূমিকা স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। সচেতন মহলের প্রত্যাশা, প্রশাসন ও জনসাধারণের এমন সম্মিলিত প্রচেষ্টায় আদমপুর ইউনিয়ন তথা পুরো কমলগঞ্জ উপজেলা একদিন সম্পূর্ণ মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে উঠবে।







