কমলগঞ্জে দুই হাজার চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিনটি চা বাগানের প্রায় দুই হাজার চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট বিতরণ করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা বাগানের শ্রমিকদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী।
আলীনগর চা বাগানে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগানের ব্যবস্থাপক এ.জে.এম. রফিউল রানা। আলীনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবসার মাহমুদ পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্ষা মৌসুমে শ্রমিকদের কর্মপরিবেশ সহজ করা এবং তাঁদের কষ্ট লাঘবের লক্ষ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই রেইনকোট পৌঁছে দেওয়া হলো।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, আলীনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লক্ষীকান্ত সিংহ, সদস্য মোস্তাকিম আহমেদ, চা শ্রমিক নেতা জীবাধন কৈরি, বিএনপি নেতা আলিক মিয়া, নারী নেত্রী শাহানা আফরিন, যুবদল নেতা উসমান আলী এবং ইউনিয়ন ছাত্রদল নেতা ছালিক আহমেদ শাকিল।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক চা শ্রমিক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রেইনকোট পেয়ে চা শ্রমিকরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।







