কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ হাজার অবৈধ নাসির বিড়িসহ কিশোর আটক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস অবৈধ নাসির বিড়িসহ মাহি আহমেদ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার বাবুরবাজার এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়। আটক মাহি আহমেদ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামের জামাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাবুরবাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। বিকেলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মাহি আহমদের চলাফেরা সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস নাসির বিড়ি উদ্ধার করা হয়।

এদিকে একই অভিযানে সোমবার সন্ধ্যা পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন ৯টি মোটরসাইকেল এবং ২টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘অবৈধ পণ্য চোরাচালান রোধ এবং ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক কিশোরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।’








